ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার নতুন করে ৪ পুলিশ সদস্যসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কালীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৮ জনে। যার মধ্যে মারা গেছে তিনজন ও সুস্থ হয়েছেন ৩৮ জন। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ সুলতান আহমেদ।
ডাঃ সুলতান আহমেদ আরও জানান, মঙ্গলবার সকালে নতুন করে ২৫টি নমুনার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৯টি নমুনার রিপোর্ট পজেটিভ বাকি ১৬টি নেগেটিভ। নতুন করে বারবাজার থানা পুলিশের ৪ জন পুলিশ সদস্য, কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর, চাপালি, খয়েরতলা, ফয়লা ও দক্ষিন আড়পাড়া গ্রামের একজন করে মোট ৯জন আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে বাড়িতে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, মঙ্গলবার একজন এএসআই ও তিন জন পুলিশ কনস্টেবলের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তাদের সকলকে পুলিশ স্টেশনে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।