নীলফামারীর কিশোরগঞ্জে শ্যামলী আক্তার (২০) নামে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বেলতলীর বাজার সংলগ্ন চাড়ালকাটা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আশিকুর রহমান টাইগারকে পুলিশ আটক করেছেন। সে নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বালাপাড়া গ্রামের কান্দুরা মামুদের ছেলে।
এলাকাবাসি জানায়, তাদের স্বামী-স্ত্রীর মাঝে রোববার সকালে ঝগড়া হয়। মারপিট করে তার কোলের শিশুকে কেড়ে নেয়। এরপর শ্যামলী নিখোঁজ হয় বলে টাইগার শ্বশুর বাড়িতে খবর দেয়। বিষয়টি জানতে পেরে তার বাবা-মা এসে অনুসন্ধান চালায়। পরদিন মাছ ধরতে গিয়ে লোকজন নদীতে ওই গৃহবধূর লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে তার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত ওই গৃহবধূর বাবার বাড়ি পানিয়াল পুকুর মৌলভীরহাট দক্ষিণপাড়া গ্রামে। নিহতের পরিবারের অভিযোগ মারপিট করে হত্যার পর তার লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।