দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনের সিগনাল বিভাগে কর্মরত আরিফ হোসেন (৩১) করোনা উপসর্গ নিয়ে অসুস্থ থাকায় গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ১৩ দিন পর শুক্রবার রাত পোনে ১০টায় ওই পরীক্ষার রিপোর্ট এসেছে করোনা পজিটিভ।
রেল কর্মচারী আরিফ হোসেন গত বৃহস্পতিবার গভীর রাতে হাঁস পিকনিক পাটিতে ছিলেন। শুক্রবার রাত পোনে ১০ পর্যন্ত তার কর্মস্থলে। সকালে শহরের শহীদ ময়দানে কাঁচাবাজার সেরেছেন। ইতোমধ্যে ঘুরেছেন রেল স্টেশন, হাটবাজার ঘোরাফেরা করেছেন। তিনি ভেবেছেন, রিপোর্ট যেহেতু এখনও পাইনি। তাহলে আমি নেগেটিভের মধ্যে রয়েছি।
দীর্ঘ ১৩ দিন পর নমুনার ফলাফল প্রকাশ পাওয়ায় স্থানীয় জনগণ, করোনা আক্রান্ত রোগী, স্বজন ও তার সহকর্মীদের মাঝে দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, বিলম্বে রিপোর্ট পাওয়ার বিষয়টি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারের বিষয়।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহের মাফী বলেন, আমরা নমুনা সংগ্রহ করে পাঠাই। রিপোর্ট পাওয়ার পর সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। করোনা পজিটিভ পাওয়ার পর ওই রোগীকে হোমকোয়ারেন্টাইনে তাকে আরও কয়েকদিন থাকতে বলা হয়েছে এবং তাকে আরেকবার চিকিৎসকরা দেখে সুস্থতা ঘোষণা করা হবে।
শুক্রবার পর্যন্ত পার্বতীপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৬ জন। ২জনের মৃত্যু হয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।