করোনা মহামারীর কারণে এবার বাতিল হয়ে গেল আগামী বছর অনুষ্ঠেয় আফ্রিকান নেশন্স কাপ ২০২১। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এক ভিডিও কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে টুর্নামেন্টটি আগামী ২০২২ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। সিএএফ’এর সভাপতি আহমেদ আহমেদ বলেছেন স্বাস্থ্যের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আফ্রিকান দেশগুলো বাজেভাবে করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে প্রায় ১ লাখ ৪৪ হাজার আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিকে উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে মিশরে সর্বোচ্চ ৬৬ হাজার আক্রান্তের তথ্য রয়েছে। আহমেদ বলেছেন, ‘মহামারীর সর্বোচ্চ পর্যায় এখনো আসেনি।’ এদিকে সিএএফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। কনফেডারেশন কাপ বছরের শেষে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ফোর মরোক্কোতে অনুষ্ঠিত হতে পারে। এই দুটি টুর্নামেন্টই সেমিফাইনালে আগে গত মার্চে বন্ধ হয়ে গিয়েছিল। আহমেদ আরো জানিয়েছেন নভেম্বরে অনুষ্ঠিতব্য নারীদের নেশন্স কাপ আপাতত বাতিল করা হয়েছে। তবে ২০২১ সালে নারীদের নতুন একটি ক্লাব প্রতিযোগিতা শুরুর পরিকল্পনা রয়েছে। এ সম্পর্কে সিএএফ প্রধান বলেন, ‘আফ্রিকান মহাদেশে নারীদের চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়াতে আমি খুবই গর্বিত। আফ্রিকা ছাড়াও করোনার কারণে ফুটবলের অন্যান্য আঞ্চলিক বড় টুর্নামেন্টগুলোও বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ও কোপা আমেরিকা অন্যতম।
ডি সিলভাকে জিজ্ঞাসাবাদে উঠে এলো থারাঙ্গার নাম
এফএনএস স্পোর্টস: ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলংকা’- সম্প্রতি দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অথুলগামাগে এমন অভিযোগ আনে। তার এমন মন্তব্যের পর ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার। শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ঐ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পুলিশের জিজ্ঞাসাবাদে ঐসময়ের ওপেনার উপুল থারাঙ্গার নাম বলেছেন ডি সিলভা। সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন শ্রীলংকার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকা। তিনি বলেন, ‘আমরা ম্যাচ পাতানো অভিযোগের তদন্ত শুরু করেছি। ডি সিলভার দেয়া জবানবন্দী থেকে আমরা থারাঙ্গার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি। আগামীকাল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ ফনসেকা আরও বলেন, ‘এ তদন্তের কাজে আমরা কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট সংগ্রহ করছি। পাশাপাশি কিছু আন্তর্জাতিক সূত্র ধরে কাজ করবো। বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন উঠেছে, তাই এ বিষয়ে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।’ দীর্ঘক্ষণ তদন্ত ইউনিটের সাথে আলোচনা সেড়ে, বের হবার পর সংবাদমাধ্যমকে কোন কিছু বলেননি ডি সিলভা। ঐ ফাইনালে ২০ বলে ২ রান করেছিলেন থারাঙ্গা।
কোচ সলাডেস বরখাস্ত
এফএনএস স্পোর্টস: মাত্র নয় মাসের মাথায় কোচ আলবার্ট সেলাডেসকে চাকুরী থেকে বরখাস্ত করেছে ভ্যালেন্সিয়া। এদিকে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সিজার সানচেজ পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন। মৌসুমের শেষ পর্যন্ত ভোরো গঞ্জালেজ সেলাডেসের স্থলাভিষিক্ত হয়েছে। ভ্যালেন্সিয়ার হয়ে এটি গঞ্জালেজের ষষ্ঠবারের মত অন্তবর্তীকালীন মেয়াদ। ২০০৮ সালে রোল্যান্ড কোম্যানের চাকুরীচ্যুতির পর প্রথম তিনি দায়িত্ব নিয়ে লা লিগায় ভ্যালেন্সিয়াকে রেলিগেশন থেকে রক্ষা করেছিলেন। মার্সেলিনোর বরখাস্তের পর সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সেলাডেস। ২০১৪ সালে সিঙ্গাপুরের ধনকুবের পিটার লিম ক্লাবের মালিকানা নেবার পর ষষ্ঠ ম্যানেজার হিসেবে বরখাস্ত হলেন সেলাডেস। এদিকে জানুয়ারিতে দায়িত্ব পাওয়া ষষ্ঠ স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ক্লাব ছাড়লেন সানচেজ। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম সূত্রের দাবী সোমবার সেলাডেসের বরখাস্তের পরপরই সানচেজ পদ থেকে সড়ে দাঁড়ান। বর্তমানে লা লিগায় অষ্টম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। শেষ চারটি ম্যাচের তিনটিতেই তারা পরাজিত হয়েছে।
এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না মাটিপের
এফএনএস স্পোর্টস: পায়ের ইনজুরির কারণে লিভারপুলের জোয়েল মাটিপের মৌসুম শেষ হয়ে গেছে। এভারটনের বিপক্ষে গুডিসন পার্কে গত ২১ জুন প্রিমিয়ার লিগের গোলশুন্য ড্র ম্যাচটিতে এই সেন্টার-ব্যাক ইনজুরিতে পড়েন। এরপর এ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রেডসদের ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে বিশ্রামে ছিলেন মাটিপ। প্রিমিয়ার লিগে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করা লিভারপুলের বাকি সাতটি ম্যাচে হয়ত তার আর খেলা হচ্ছে না। এ সম্পর্কে ক্লাবের ওয়েবসাইটে মাটিপ নিজেই বলেছেন, ‘এই মৌসুমে হয়তোবা আমি আর মাঠে ফিরতে পারছি না। কিন্তু আগামী মৌসুমে ঠিকই ফিরে আসবো।’ গত সপ্তাহে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছ লিভারপুল। চেলসি ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারালে লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়। এর মাধ্যমে লিভারপুল ২৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শিরোপার স্বাদ পায়। গত ১২ মাসে এর মাধ্যমে জার্গেন ক্লপে অধীনে লিভারপুল ঘরোয়া, কন্টিনেন্টাল ও আঞ্চলিক শিরোপা ঘরে তুলে। ক্লপের অধীনে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করার কৃতিত্ব দেখায়। আগামীকাল প্রিমিয়ার লিগে লিভারপুলের পরবর্তী প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি।