যশোরে নতুন করে আরও ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬৪২ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৩ জন আর সুস্থ হয়েছেন ১৯২ জন। বুধবার (১ জুলাই) এ ফলাফল প্রকাশ করা হয়।
যবিপ্রবি জেনোম সেন্টারের পরীক্ষন দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, যবিপ্রবির ল্যাবে যশোরের ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও মাগুরার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া খুলনার ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
অর্থাৎ, যবিপ্রবির ল্যাবে মোট ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ এবং ১১৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। সবকটিই নতুন পজেটিভ।
তিনি বলেন, ৪২ জন আক্রান্তসহ জেলায় এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪২ জন। মারা গেছেন ১৩ জন আর সুস্থ হয়েছেন ১৯২ জন।
নতুন আক্রান্ত হয়েছেন তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আক্রান্তদের ঠিকানা নিশ্চিত হয়ে সে সব এলাকা লকডাউন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।