দেশের কাঁঠাল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে ঝিনাইদহের শৈলকূপা অন্যতম। এখানকার প্রতি হাটে ১০ থেকে ১৫ ট্রাক কাঁঠাল যায় দেশের বিভিন্ন জেলায়। আগের দিনেই বেপারী, পাইকার, আড়তদাররা ভিড় জমান এখানকার হাট-বাজারে। করোনায় কাঁঠালের ভালো দাম না পেলেও বর্তমানে গৃহস্থ ও কাঁঠাল ব্যবসায়ী, চাষিরাও ভালো দাম পাচ্ছেন। জেলার সবচেয়ে বড় শৈলকূপা উপজেলা সদরের হাটে কাঁঠাল বিক্রি করতে আসা হাতেমপুর গ্রামের চাষি মতিয়ার রহমান জানান, তার ১৫টি কাঁঠালগাছ রয়েছে। ফলন ভালো হয়েছে। তার গাছের প্রতি ১০০ পিস কাঁঠাল পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে তিনি জানান। কাঁঠাল ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, এবার প্রতি ১০০ পিস কাঁঠাল সাইজ অনুসারে দুই হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু বলেন, শৈলকূপায় ৩৫০ হেক্টরের বেশি জমিতে কাঁঠালের চাষ হচ্ছে। এসব জমি থেকে পাওয়া যাবে আনুমানিক ৭০ হাজার টন কাঁঠাল।
গত বছরের চেয়ে কাঁঠালের পাইকারি বাজারে দাম শতকরা ২০ থেকে ৩০ ভাগ কম বলে বেপারিরা জানায়। শৈলকুপা হাটে সপ্তাহে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কাঁঠাল কেনাবেচা হচ্ছে। প্রতি মাসে এ হাটে আনুমানিক কোটি টাকার কাঁঠাল কেনাবেচা হয়ে থাকে।
কাঁঠাল এমন একটি ফল যার কোন অংশই বাদ হয় যায় না। কাঁঠাল কাঁচা রেধে খাওয়া যায়, পাকা খাওয়া যায়। পাকা কাঁঠাল দিয়ে হরেক রকম পিঠা তৈরি করা যায়। কাঁঠালের বিচি রেধে খাওয়া যায়। এছাড়ার এর বাকল ছাগল-গরু খায়। বাংলা উইকিপিডিয়া থেকে সংগৃহিত কাঁঠালের পুষ্টিগুনের মধ্যে রয়েছে কাঁঠালে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাসিমাম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন। এছাড়াও কাঁঠালে রয়েছে আমিষ, শর্করা ও ভিটামিন যা মানবদেহের জন্য বিশেষ উপকারী।
এতো পুষ্টিগুন সমৃদ্ধ এই ফলটি এলাকায় প্রচুর পরিমানে উৎপাদিত হলেও নেই কোন সংরক্ষণের ব্যবস্থা। এই ফলটি যদি সংরক্ষণ করা যেতো তাহলে বছরের অনেক সময়ই গ্রীস্মকালীন এই ফলটি মানুষ খেতে পারতো। কাঁঠাল চাষী ও ব্যবসীয়দের দাবি এ অঞ্চলে সরকারি বা বেসরকারি ভাবে কাঁঠাল সংরক্ষনের ব্যবস্থা করা হোক।