বিরলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সময়ের আবেদনের প্রেক্ষিতে সরকারি বাসভবনকে বাণিজ্যিক খামারে রূপান্তর ও ওই খামারে সরকারি মৎস্য হ্যাচারির টিনের ছাউনি ব্যবহার বিষয়ে অভিযোগের তদন্ত পিছিয়ে গেছে। স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক (অতিঃ দাঃ) মোঃ শরিফুল ইসলাম এর আগে ২২ জুন/২০২০ তারিখে ০৫৫.২৭০০.০২৭.০২.০০৩.২০২০.১১ (২) নং স্মারকে ১ জুলাই/২০২০ বুধবার সকাল সাড়ে ১০ টায় অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্তের দিন ধার্য্য করেন। বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান (বাবু)’র সময়ের আবেদনের প্রেক্ষিতে তদন্তের পরবর্তী ধার্য্য তারিখ পরবর্তীতে জানানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ৫নং বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আরমান আলী কালু গত ১৭ মে/২০২০ তারিখে জেলা প্রশাসক বরাবরে বিরল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিরল উপজেলা পরিষদের সরকারি একটি বাসভবনকে বাণিজ্যিক গরুর খামারে রূপান্তর করে এবং এর আশপাশের এলাকায় হাইব্রীড ঘাস চাষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু ব্যক্তিগত স্বার্থ হাসিলে মগ্ন হওয়ায় বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। শুধু তাই নয় কথিত রয়েছে গরুর খামারের টিনের ছাউনিটি প্রাক্তন প্রতিমন্ত্রী বাবু শ্রী সতিশ চন্দ্র রায় কর্তৃক উদ্বোধনকৃত উপজেলা মৎস্য হ্যাচারীর টিনের ছাউনি ভেঙ্গে এনে নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় এরকম একটি সরকারি মৎস্য হ্যাচারী নষ্ট করে ব্যক্তিগত গরুর খামার নির্মাণ করা কতটুকু সমীচিন তা আমার বোধগম্য নয়। এছাড়াও সরকারি একটি বাউন্ডারীর মধ্যে একজন জনপ্রতিনিধি বাণিজ্যিক উদ্দেশ্যে কখন, কিভাবে এরকম একটি স্থাপনা কোন বৈধ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে সরকারি কর্মচারীদ্বারা তা দেখভাল ও পরিচালনা করে আসছেন তাও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ওই আবেদনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য (১) মাননীয় মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, (২) মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সদস্য (দিনাজপুর-২), (৩) বিভাগীয় কমিশনার- রংপুর, (৪) নির্বাহী প্রকৌশলী- গণপূর্ত অধিদপ্তর, দিনাজপুর, (৫) সভাপতি/সম্পাদক, প্রেস ক্লাব, দিনাজপুর, (৬) সভাপতি/সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর, (৭) সভাপতি/সম্পাদক, বিরল প্রেস ক্লাবকে প্রেরণ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা (গোপনীয়) তদন্তের জন্য এ দিন ধার্য্য করে অভিযোগকারী বরাবরে ডাকযোগে পত্র প্রেরণ করেন।
আরমান আলী কালু জানান, সরজমিনে তদন্তের দিন ধার্য্য হওয়ায় বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে লিখিত হাজিরা দায়ের করেছি। দীর্ঘক্ষণেও তদন্তকারী কর্তৃপক্ষের কেউ না আসায় তদন্তে দীর্ঘসময় অতিবাহিত হওয়ায় সরজমিনে আলামত নষ্ট হতে পারে বলে শংকা করছি। তাই দ্রুত সরজমিনে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।