যবিপ্রবির জেনোম সেন্টারে যশোরের ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৪৬টি নমুনার ফল পজেটিভ আসে। তার মধ্যে ফলোআপ রোগী আছেন ১ জন। অর্থাৎ, যশোরে নতুন ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬০০ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬২ জন। মারা গেছেন ১৩ জন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ৪৬টি নমুনা পজেটিভ এসেছে, তার মধ্যে ফলোআপ রোগী আছেন ১ জন।
তিনি আরো বলেন, ৪৫ জন আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় ২ মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় ১ জন আগেই শনাক্ত হওয়া করোনা রোগী মারা গেছেন। এই ৩ জন সহ জেলায় মোট ১৩ জন করোনা রোগী মারা গেলেন।
তিনি আরো জানান, রোগীর অবস্থান ও তাদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।