যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধে কওছার মোড়ল (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত তালেব মোড়লের ছেলে কওছার আলীর সাথে বসতভিটা জমি নিয়ে সহোদর ভাই মকছেদ আলীর বিরোধ চলে আসছিল। গত ৩০ জুন সকালে মকছেদ আলী তার বসতভিটার ভিত করতে গেলে বাধা দেয় বড়ভাই কওছার আলী। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মকছেদ আলী ও তার ছেলে সুইট কওছার আলীকে ধাক্কা দিলে সে ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। মুমূর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. সোনিয়া তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মকছেদ আলীর স্ত্রী শেফালী বেগমকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে থানার কর্মকর্তা ইনচার্জ ওসি জসিমউদ্দীন জানান।