বগুড়ার নন্দীগ্রামে আজিজুল হক নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শহর থেকে ভাড়াটিয়ে সন্ত্রাসী এনে ছোট ভাই কৃষক সেকেন্দার আলীর ৬৫ শতক জায়গা দখলের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা গ্রামে এ ঘটনায় সন্ত্রাসীদের মারপিট ও ছুরিকাঘাতে আহত সেকেন্দার আলীকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা আজিজুল হকের ছেলে মঞ্জু আলম ও উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মুক্তারিন সরকার এবং তার সহযোগী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। বিকালে এ খবর পাঠানোর সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল; মামলার প্রস্তুতি চলছি।
অভিযোগে জানা গেছে, সিংজানি গ্রামে ৬৫ জমির মালিকানা নিয়ে সেকেন্দার আলীর সাথে বড় ভাই বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আজিজুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেকেন্দার দাবি করেন, জায়গাটি তার কেনা ও আর আজিজুল বলেন, এটি তাদের পৈতৃক। সোমবার দুপুরে আজিজুল হকের পক্ষে আওয়ামী লীগ নেতা মুক্তারিন সরকার বগুড়া শহর থেকে বেশ কয়েকজন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে। তারা সেকেন্দার আলীকে মারপিট করে তার ৬৫ শতক জায়গা দখল ও সেখানে তিনটি ঘর তোলে। এরপরেই নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় সেকেন্দার আলীর লোকজন মুক্তারিন সরকারকে মারপিট করে।
নন্দীগ্রাম থানা পুলিশ দু’পক্ষকে থানায় ডেকে কাগজপত্র দাখিল করতে বলে। এ সময় মুক্তারিন থানার মধ্যেই সেকেন্দার আলীকে দেখে নেবার হুমকি দেন। পরে মুক্তারিন ও তার লোকজন সেকেন্দার আলীকে মারপিট ও হাতে ছুরিকাঘাত করে এবং তার মোটর সাইকেল ভাঙচুর করে। তাকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আলো জানান, জায়গা নিয়ে দুইভাই সেকেন্দার ও আওয়ামী লীগ নেতা আজিজুলের মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার আজিজুল শহর থেকে ভাড়াটিয়ে সন্ত্রাসী এনে সেকেন্দারকে মারপিট ও জায়গা দখল করে সেখানে তিনটি ঘর তুলেছে।
এ বিষয়ে বুড়ইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, জায়গা দখলের বিষয়টি শুনেছি। কেউ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করলে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। সেকেন্দারকে মারপিট ও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছিল।