রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ইউএনও সুশান্ত কুমার মাহাতো বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ কক্ষে চিকিৎসাধীন। করোনার উপসর্গ নিয়ে বুধবার (২৪ জুন) তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়।
রামেকের ল্যাব সূত্রে জানা গেছে, এই ল্যাবে এ দিন মোট ৩৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে রাজশাহী নগরীর ১৭টি এবং তানোর উপজেলার পাঁচটি নমুনা করোনা পজিটিভ। তানোরে পাঁচজনের মধ্যে একজন ইউএনও। এছাড়া তানোর উপজেলা ডেভলেপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) এএইচএম ফেরদৌস জামানেরও করোনা পজিটিভ এসেছে। তিনি সার্বক্ষণিক ইউএনও’র সাথেই থাকতেন। বাকি তিনজনের মধ্যে একজন তানোর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ও অপর দুইজন সাধারণ মানুষ। জানা গেছে, ইউএনও সুশান্ত কুমার মাহাতোর স্ত্রী এবং ছেলেরও জ্বর আছে। পরীক্ষার জন্য তাদেরও নমুনা সংগ্রহ করা হেেয়ছে।