করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের অভয়নগর উপজেলার বেলাল হোসেন (৫৩) নামে সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার ঢাকায় চিকিৎসাধিন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তিনজন।
মৃত বেলাল হোসেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর ছেলে এবং নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেনের ছোটভাই। এছাড়া তিনি অভয়নগর থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
মৃত বেলাল হোসেনের বড়ভাই আসলাম হোসেন জানান, ছোটভাই বেলাল দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছিল। গত ১৮ জুন খুলনা সিটি মেডিক্যালে কিডনি ডায়ালাইসিস করার পর তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। ২১ জুন রবিবার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা করোনা ইউনিটের আইসিইউতে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর আনুমানিক ৪ টার সময় সে মারা যায়। বুধবার রাতে উপজেলার শংকরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার বেলাল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। নওয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকেও অনুরূপ বিবৃতি প্রদান করা হয়েছে।