যবিপ্রবির জেনোম সেন্টারে আজই প্রথম একশয়ের বেশি নমুনার ফল পজিটিভ এসেছে। এর মধ্যে যশোরেরই রয়েছে ৪৯ জন। এদিন যশোরের পজেটিভ হওয়া ৪৯ নমুনার মধ্যে নতুন ৪৬ জন, বাকি ৩ জন ফলোআপ রোগী। এর আগে মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ থেকে আসা রিপোর্টে যশোর জেলার একটি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়। সেটিও ছিল নতুন নমুনা। ফলে জেলায় গেল ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭-এ দাঁড়ালো।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪১০ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬০ জন। মারা গেছেন ২ জন।
বুধবার (২৪ জুন) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার মোট ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের পজেটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যার মধ্যে যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জন, মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, নড়াইলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ফলাফল প্রত্যেক জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গেল ২৪ ঘণ্টায় যবিপ্রবি জেনোম সেন্টারে নতুন শনাক্ত ৪৬ জন ছাড়াও খুলনা মেডিকেল কলেজের ল্যাবে আরেকজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এই জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ৪১০ জন।
তিনি আরো জানান, রোগীর অবস্থান ও তাদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।