রাজশাহীর তানোর উপজেলায় সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষকেরা। ধান সংগ্রহ অভিযান শুরুর দেড় মাসে মাত্র ৬৬ মেট্রিক টন ধান কেনা হয়েছে। গুদামে ধান বিক্রয়ের জন্য নির্বাচিত কৃষকদের সঙ্গে যোগাযোগ করেও গুদামে দিতে আগ্রহী করা যাচ্ছে না কৃষক।
স্থানীয় কৃষক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধানের বর্তমান বাজারদর ও গুদামে ধান ক্রয়ের সরকার নির্ধারিত দাম প্রায় সমান। এ পরিস্থিতিতে গুদামে ধান বিক্রি করে কৃষকদের তেমন লাভ থাকবে না। তার ওপর কৃষকদের অতীত অভিজ্ঞতা বলে সরকারি গুদামে ধান বিক্রি করা অনেক ঝক্কি-ঝামেলার। আর্দ্রতার কথা বলে প্রতি মণে এক-দুই কেজি করে বেশি ধান নেওয়া হয়। অনেক সময় ধান ফেরতও দেওয়া হয়। কিন্তু স্থানীয় বাজারে এসব ঝক্কি-ঝামেলা নেই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে তানোর উপজেলায় লটারির মাধ্যমে ১ হাজার ৭৭৯ জন নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে ধান ক্রয় করা হবে। ২৬ টাকা দরে ১৪ শতাংশ নিচের আর্দ্রতার ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকায় ক্রয় করবে গুদাম কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রকাশ্যে লটারির মাধ্যমে ১৭৭৯ জন কৃষককে সরকারি গুদামে ধান বিক্রির জন্য নির্বাচিতও করা হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে উপজেলায় সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২২ জুন সোমবার পর্যন্ত উপজেলা সদর তথা গোল্লাপাড়া বাজার ও কাঁমারগা বাজারে অবস্থিত এই দুই সরকারি খাদ্যগুদামে এযাবৎ পর্যন্ত মাত্র ৬৬ মেট্্িরকটন ধান কেনা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার প্রায় ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, তানোর উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি মণ ধান ৯৫০-১০৯০ টাকা দরে কেনা-বেচা হচ্ছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক তাজমুল ইসলাম এ বছর ১১ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেন। বিঘাপ্রতি গড়ে ২২ মণ করে মোট ২৪২ মণ ধান পেয়েছেন তিনি। মৌসুমের শুরুতে বাজারে ধানের দাম কম থাকায় সরকারি গুদামে ধান বিক্রির জন্য লটারিতে নাম লেখান। গুদামে ধান দেওয়ার জন্য লটারিতে তিনি নির্বাচিতও হন। কিন্তু কিছুদিন পরেই বাজারে ধানের দাম বেড়ে যায়। এখন সরকারি গুদামে ধান বিক্রিতে তাঁর কোনো আগ্রহ নেই। তাজমুলের মতো তানোরের কৃষকেরা সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে গুদাম কর্তৃপক্ষ কৃষকদের মুঠোফোনে যোগাযোগ করে ধান বিক্রির জন্য অনুরোধ জানিয়েও কোনো সাড়া পাচ্ছে না।
উপজেলা সদরে অবস্থিত গোল্লাপাড়া খাদ্যগুদামের ওসিএলএসডি কর্মকর্তা তারিক উজ জামান বলেন, সরকার খেকে যে দাম বেঁধে দেওয়া হয়েছে, স্থানীয় বাজারেও প্রায় সেই দামে ধান বেচাকেনা হচ্ছে। যে কারণে খাদ্যগুদামে ধান বিক্রি করতে নির্বাচিত কৃষকেরা আর আগ্রহ দেখাচ্ছেন না। অথচ লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের সময় প্রচুর কৃষক আগ্রহ দেখিয়েছিলেন। এখন ধান বিক্রির জন্য ফোন করেও তাঁদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির বলেন, গত দেড় মাসে কম ধান সংগ্রহের একটা অন্যতম কারণ হচ্ছে বর্তমান বাজারদর ও সরকারি দাম প্রায় সমান। এবার ধান কাটা শুরু হয়েছে কিছুটা পরে। এ কারণে কৃষকেরা সরকারি গুদামে ধান দিতে কিছুটা দ্বিধা-দ্বন্ধে রয়েছেন। তবে ধান সংগ্রহের এখনো বেশ সময় রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। আশা করছি, এ সময়ের মধ্যে তালিকাভুক্ত সব কৃষক গুদামে ধান দেবেন এবং সংগ্রহ লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।