রাজশাহীর বাগমারায় যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ পাওযা গেছে। ওই ঘটনায় নারী শিশু নির্যাতন ও যৌতুক বিরোধী আইনে নির্যাতিত গৃহবধু রেশমা খাতুন নিজেই বাদী হয়ে গতকাল শনিবার স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শ্বশুর, শ্বাশুড়ি ও জাকে আসামী করা হয়েছে।
বাগমারা থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারী উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের ইদ্রিস আলীর পুুত্র জাহিদুল ইসলামের সঙ্গে একই উপজেলা হামিরকুৎসা ইউনিয়নের দক্ষিন মাঝ গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলামের কন্যা রেশমা খাতুনের মুসলিম শরিয়া মোতাবেক বিবাহ হয়। বিয়ের সময় জামাইকে একটি মোটর সাইকেল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র বাবদ নগত আড়াই লক্ষ টাকা প্রদান করা হয়। এর পর স্বামী জাহিদুল ইসলাম মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক নওগাঁ শাখায় কর্মরত থাকার সুবাধে স্ত্রী রেশমা খাতুনকে কিছুদিন নওগাঁর ভাড়া বাসায় নিয়ে থাকতেন। এক পর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম যৌতুকের জন্য স্ত্রী রেশমা খাতুনের উপর চাপ সৃষ্টি করেন। তিনি বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে স্বামী জাহিদুল ইসলাম স্ত্রীকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে। স্বামী অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী রেশমা তার পিতার বাড়ি থেকে ৬৫ হাজার টাকা নিয়ে তার স্বামীর হাতে তুলে দেয়। স্বামী জাহিদুল ইসলাম বিসিএস পরীক্ষায় টিকার কথা বলে চাকুরীর জন্য আরো তিন লক্ষ টাকা লাগবে বলে স্ত্রী রেশমা খাতুনের উপর চাপ সৃষ্টি করে নানা ভাবে নির্যাতন শুরু করে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রেশমা খাতুন নওগাঁ থেকে বাগমারার নন্দনপুরে শ্বশুর বাড়িতে চলে আসে। এখানে আসার পর শ্বশুর শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা মিলে যৌতুকের জন্য রেশমার উপর নির্যাতন শুরু করে। পরিবারের সদস্যরা গত ১৩ জুন রাতভর গৃহবধু রেশমার উপর অমানুষিক নির্যাতন চালায় । এক পর্যায়ে রেশমা জ্ঞান হারিয়ে ফেললে তাকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসার এক দিন পর গৃহবধু রেশমা সুস্থ হলে মাঝগ্রাম তার বাবার বাড়িতে চলে যান।
বর্তমানে রেশমা কিছুটা সুস্থ হলেও তার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমসহ আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের শিকার গৃহবধু রেশমা খাতুন জানান , যৌতুকের জন্য পরিবারের সদস্যরা সবাই মিলেই তাকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। টাকার জন্য তার কান, গলা ও হাতের অলংকার মিলে প্রায় দুই ভরি ওজনের স্বর্নালংকার স্বামী জাহিদুল জোর পূর্বক বিক্রি করে দেয়। ওই সময় বাধা দিলে তাকে মারপিট করে আহত করেছিল বলে তিনি অভিযোগ করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধু নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটির তদন্ত শুরু হয়েছে। যে কোন সময় আসামীদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন।