বিশ্বমহামারী করোনা সংক্রামনকালীন সময়ে মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মহানগরীতে অবস্থানরত মেসের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক রাজু আহমেদ আপনের সভাপতিত্বে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেসভাড়া মওকুফের যৌক্তিক দাবি মেস মালিকরা মানতে বাধ্য। তাদের ব্যবহার কখনোই ভাল ছিলনা। তবুও বিনয়ের সাথে মেসভাড়া মওকুফের দাবি জানানো হচ্ছে। কিন্তু কিছু কিছু মেসের মালিকরা ভাড়ার জন্য শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হুমকি-ধামকি দিয়েছে।
বক্তারা বলেন, প্রায় ২ লাখ শিক্ষার্থীর জিনিসপত্র, সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র মেসে রাখা আছে। কিন্তু মেস মলিকরা সব জিনিসপত্র ফেলে দিবে বলে হুমকি দিচ্ছে। পিতার বয়সী অভিভাবকদের কাছে এরকম ব্যবহার অপ্রত্যাশিত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান শান্ত, মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেন।