প্রথমে রাগবি স্টাইলে বল প্রতিহত করেছিলেন লিওনেল মেসি। এরপর পেনাল্টি থেকে গোলও পেয়ে গেলেন এই আর্জেন্টাইন সুপার স্টার। আর এর বদৌলতে মঙ্গলবার দর্শক শূন্য শিবির ন্যুতে সফরকারী লেগানেসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন মেসি। এই মৌসুমে ৩৩ ম্যাচ থেকে এই নিয়ে ২৬ গোল আদায় করলেন আর্জেন্টাইন সুপার স্টার। সর্বশেষ আট ম্যাচে তিনি ৭ গোল করার পাশাপাশি এসিস্ট করেছেন আটটিতে। এর সামনে অবশ্য ১৭ বছর বয়সি অনসু ফ্যাতি গোল করে প্রথমার্ধেই স্বাগতিক কাতালানদের এগিয়ে দেন। এই নিয়ে শুরু থেকে আটটি ম্যাচে অংশগ্রহনকারী এই টিনএজারের খাতায় জমা পড়েছে ৫ গোল। অবশ্য ম্যাচের শুরুর দিকে মিগুয়েল-এ্যাঞ্জেল গুয়েরেরো যে দুটি গোলের সুবর্ন সুযোগ পেয়েছিলেন তা যদি কাজে লাগাতে পারতেন, তাহলে হোম ভেন্যুতেও বর্তমান চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করতে পারতো অতিথিরা। অথচ তার প্রথম প্রচেস্টার বলটি একেবারেই গোল লাইন থেকে প্রতিহত হয়। আর দ্বিতীয় প্রচেস্টাতে বাঁধা হয়ে দাঁড়ায় গোলবার। খেলা শেষে বার্সা খেলাধুলার প্রশিক্ষক কুইক সেতিয়েন বলেন,‘ শুরুতে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল।’ তবে ম্লান পারফর্মেন্স সত্বেও শিরোপার অপর প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা। আগামীকাল (বৃহস্পতিবার) রিয়াল নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে অবশ্য ওই ব্যাবধান নেমে আসবে দুই পয়েন্টে। অবশ্য তিন মাসের বিশ্রামের পর মাদ্রিদকে পরীক্ষা নিতে উদগ্রীব হয়ে আছে ভ্যালেন্সিয়া। এরপর বার্সাকেও শক্ত পরীক্ষা দিতে হবে। আগামী শুক্রবার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা সেভিয়ার মোকাবেলা করতে হবে কাতালান জায়ান্টদের। এমন অবস্থায় গেরার্ড পিকের ইনজুরি নিয়ে চিন্তিত খেলাধুলার প্রশিক্ষক সেতিয়েন। ম্যাচ চলাকালে পায়ে আঘাত পেয়েছেন তিনি। সেখানে সেলাই দিতে হবে বলে ধারনা করেছেন তিনি। কাতালান খেলাধুলার প্রশিক্ষক বলেন, তার শিনপ্যাডে চিড় ধরেছে। আশা করব এটি যেন গুরুতর না হয়।’ গতকালের এই পরাজয়ে লেগানেস নেমে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। এখন রেলিগেশনের তরবারি ঝুলছে তাদের মাথার উপর। তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ বলতে গেলে নস্যাৎ করে দিয়েছে বার্সা। করোনা ভাইরাসের লগডাউন শেষে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনার শুরুটা ছিল স্লথ। পাঁচ পরিবতর্ন নিয়ে মাঠে নামা দলকে শুরুতেই চমকে দেয় লেগানেস। একাদশ মিনিটে বার্সেলোনাকে বিপদমুক্ত করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ক্লেমোঁ লংলে। মেসার হেড থেকে বল পেয়ে শট নেন গুয়েরোরো। তবে গোললাইন থেকে বলটি ফিরিয়ে দেন ফরাসি ডিফেন্ডার লংলে। দুই মিনিট পর পুনরায় সুযোগ পান গুয়েরোরো। এবার তার নেওয়া বাঁকানো শটের বল দ্বিতীয় পোস্টে লেগে গতিপরিবর্তন করে। এরপর নিজেদের গুছিয়ে নিতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলা লেগানেসের রক্ষণে গিয়ে তেমন একটা সুবিধা করতে পারছিল না তারা। ৩০তম মিনিটে ইভান রাকিটিচের চমৎকার ক্রসে একটুর জন্য মাথা ছোয়াতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। একের পর এক হামলা করে যাওয়া স্বাগতিকরা গোলের দেখা পায় বিরতিতে যাবার তিন মিনিট আগে। জুনিয়র ফিরপোর বাড়ানো বল পেয়ে জটলা থেকে গড়ানো শটে জালে পাঠিয়ে দেন ফাতি। পরের মিনিটে সার্জিও রবার্তোর ক্রসের বলে হেড করতে পারেননি মেসি। ৬৩তম মিনিটে নেলসন সেমেদোর নিকট থেকে বল পেয়ে জালে পাঠিয়েছিলেন গ্রিজমান। তবে ভিএআর প্রযুক্তির সহায়তায় অফসাইটের কারণে সেটি বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে মেসি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। ২৯ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন অনুষ্ঠিত লা লীগার আরেক ম্যাচে রিয়াল মায়োর্কার্কে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। অপরদিকে গোলশুন্য ড্র হয়েছে গেটাফে ও এস্পানিওলের মধ্যকার অপর ম্যাচটি।