রাজশাহীর তানোর উপজেলা জোনভিত্তিক সতর্কতায় ‘ইয়েলো’তে পড়েছে। প্রতি লাখে ৩-৯ জন সংক্রমিত হলেই ইয়েলো জোন। সেই হিসেবে তানোর এলাকা এখন ইয়েলো জোনে। আজ (১৭ জুন) বুধবার সকালে এসংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা (টিএইচও) ডা. রোজিয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য একই তথ্য জানিয়েছেন। তবে, এ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য বলছেন, ১৪ দিনের মধ্যে নমুনা পরীক্ষায় প্রতি ১ লাখে ৩-৯ জন শনাক্ত করোনা রোগী পাওয়া গেলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে গণ্য হবে। এই হিসেব অনুযায়ী রাজশাহীর তানোর উপজেলা ইয়েলো জোন চিহ্নিত হয়েছে। পাশাপাশি রাজশাহী সিটি করপোরেশন এলাকা, ও চারঘাট উপজেলাও ইয়েলো ইয়েলো জোন চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তবে, রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, তানোরে মোট সংক্রমিত হয়েছিল ১৭ জন। কিন্তু ১২ জনই এখন সুস্থ। এ পর্যন্ত রাজশাহী সিটি ও জেলায় ১৪৫ জন সংক্রমিত হয়েছেন। কিন্তু এরইমধ্যে অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
জানা গেছে, তানোরে জনসংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। ঢাকা মহানগরীর ছাড়া অন্যান্য এলাকায় পূর্ববর্তী ১৪ দিনের মধ্যে পরীক্ষাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে প্রতি ১ লাখে ১০ জন বা এর অধিক শনাক্ত করোনা রোগী পাওয়া গেলে ওই এলাকা রেড জোন হিসেবে গণ্য হবে।
একইভাবে প্রতি ১ লাখে ৩-৯ জন শনাক্ত করোনা রোগী পাওয়া গেলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে গণ্য হবে। বর্তমানে তানোরে ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়। সেই মতে তানোর উপজেলা ইয়েলো জোন হিসেবে গণ্য হয়েছে। যদিও প্রতিদিনই পরিসংখ্যান পরিবর্তন হচ্ছে।
তবে সংক্রমণ বাড়ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকেই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আল্লাহর রহমতে করোনাকে জয় করতে পারবো আমরা বলে জানান টিএইচও ডা. রোজিয়ারা খাতুন।