রাজশাহীর তানোরে প্রভাবশালীদের বিরুদ্ধে অসহায় ভুমিহীনদের ভিপি সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠ সমাধান চেয়ে সম্প্রতি রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এসিল্যান্ড, ওসিসহ সংশ্লিষ্ট দফতরে পৃথক দু’টি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী মৌজায় ১০১ জে.এল এর আরএস-০২ খতিয়ানের ৩৯২, ৯৮ ও ৫৩ নম্বর দাগে স্থানীয় বয়োবৃদ্ধ আবদুর রহমানের ছেলে ইনসান ও সামসুদ্দিন সরকারি নিয়ম অনুযায়ী ০২/৮৭ (তানোর) নং ভিপি কেস মূলে প্রাপ্ত বাবার সম্পত্তি প্রায় ৩৩ বছর ধরে ভোগ-দখল করে আসছে। এছাড়াও একই মৌজায় স্থানীয় ভূমিহীন আবদুল আলিম প্রায় ৩০ বছর ধরে একবিঘা সরকারি সম্পত্তি দখল করে চাষাবাদ করে আসছেন।
কিন্তু চলতি মাসের গত ১২ তারিখে রাজশাহী মহানগরীর ঝাউতলা এলাকার প্রভাবশালী জহির উদ্দিনের নেতৃত্বে তানোর উপজেলার লবলবী গ্রামের সনাতন ধর্মলম্বীর নয়ন, কাজল, কনক সিং, স্বপন চন্দ্র, রনি চন্দ্র, সুধির চন্দ্র, সুজন চন্দ্র ও উজ্জ্বল সিং সহ রাজশাহী মহানগরী হতে অজ্ঞাতনামা আরও ৮/১০ ব্যাক্তিদের নিয়ে ওই সম্পত্তি জোর পূর্বক দখল করতে আসেন। এ সময় তারা ওই জমিতে পটলের গাছসহ বিভিন্ন ধরনের সবজি উপড়িয়ে নষ্ট করে তিন কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী সূত্রে আরও জানা গেছে, ওই সময়ে দখল চেষ্টায় বাঁধা দিতে গেলে অসহায় ভূমিহীন ইনসান, সামসু্িদ্দন, আবদুল আলিম ও তাদের শুভাকাঙ্খী তৈইবুর রহমান পিন্টু এবং তাদের পরিবারের উপর ভয়ভীতি ও হুমকি প্রদান করেন ওই প্রভাবশালীরা।
এ নিয়ে ভুক্তভোগী ইনসান আলী ও আবদুল আলিম এই প্রতিবেদককে বলেন, আমরা প্রায় দুই যুগের বেশি সময় ধরে ওই সম্পত্তিতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করে আসছি। কিন্তু বেশ কয়েকমাস ধরে প্রভাবশালী জহির স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে জমির প্রলোভন দেখিয়ে পক্ষে নিয়ে আমাদের জমির ফসল নষ্ট করাসহ আমাদের পরিবারের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগেছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হমকি-ধামকি দিয়ে যাচ্ছেন তারা। অবশেষে নিরুপায় হয়ে সম্প্রতি রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এসিল্যান্ড, ওসি সহ সংশ্লিষ্ট দফতরে প্রতিকার চেয়ে পৃথক দু’টি লিখিত আবেদন করেছি। আশা করছি দ্রুত সুষ্ঠ সমাধান পাবো আমরা।
এদিকে এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হয় জহির উদ্দিনসহ অভিযুক্ত কয়েকজনের সঙ্গে। তারা এই প্রতিবেদককে জানান, ইনসান আলী, সামসুদ্দিন ও আবদুল আলিমের ওই জমির কোনো বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও তারাই সম্পূর্ণ প্রভাব খাটিয়ে মন্দিরের জমি দখল করে রেখেছেন। তবে তাদেরকে কোনো হুমকী ধামকি বা ভয়ভীতি প্রদর্শন করা হয়নি। বরং শান্তিপূর্ণভাবে দখলি ওই জমি উদ্ধারে তারাও সম্প্রতি ইউএনও এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনায় লিখিত আবেদন করেছেন।
১৬ জুন মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, উপজেলার লবলবী গ্রামের ওই জমির দখল বিষয়ে দু’পক্ষের অভিযোগ পাওয়া গেছে। দ্রুত আইনি প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে সুষ্ঠ সমাধান করা হবে।#