সময় যত গড়াচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। সেই বাস্তবতা মেনে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। কিছুদিন আগে তারা বলেছিল, বিশ্বকাপ আয়োজন বড় ঝুঁকিতে আছে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অবাস্তব। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে এই আসরকে ঘিরে চলছে চরম অনিশ্চয়তা। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আইসিসি সভা করছে নিয়মিতই। বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি এখনও। ধারণা করা হচ্ছে, আগামী মাসে আসতে পারে সিদ্ধান্ত। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস মঙ্গলবার ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমকে যা বললেন, তাতে সম্ভাব্য চিত্র অনেকটাই স্পষ্ট। “ আনুষ্ঠানিকভাবে যদিও বিশ্বকাপ এখনও বাতিল হয়নি বা পিছিয়ে যায়নি, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৬টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা, বেশির ভাগ দেশেই যেখানে কোভিড এখনও বাড়ছে, আমার মতে, এটি (বিশ্বকাপ আয়োজন) অবাস্তব, কিংবা খুব, খুব কঠিন হবে।” বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বড় একটি রদবদল এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ পদগুলির একটিতে। চাকরি হারানোর গুঞ্জনের মধ্যে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কেভিন রবার্টস। চেয়ারম্যান এডিংস মঙ্গলবার সকালে এই খবর দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, করোনাভাইরাস পরিস্থিতিতে বোর্ডের আর্থিক অবস্থা সামলাতে না পারায় রবার্টসের চাকরি ছিল ঝুঁকির মুখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নিয়ে হকলি জানিয়েছেন, অনিশ্চয়তা থাকলেও তারা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবেন। “ দারুণ একটি স্থানীয় আয়োজক কমিটি আছে আমাদের, যারা সম্ভাব্য সবকিছুর জন্যই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। এরপর সিদ্ধান্ত যা হওয়ার হতে পারে।”