রাজশাহীর তানোরে আহত অবস্থায় মাথায় ও পায়ে ব্যান্ডেজ নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক নারী উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় হাসপাতালে ভর্তি করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উপজেলার কৃষ্ণপুর মোড় থেকে উদ্ধার করা হয়। আজ (১৬ জুন) মঙ্গলবার সকালেও ওই নারীর ব্যাপারে বিভিন্ন ভাবে খোঁজখবর নেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
ইউএনও বলেন, মাথায় ও পায়ে ব্যান্ডেজ নিয়ে বিকেল থেকে অসুস্থ অবস্থায় কৃষ্ণপুর মোড়ে রাস্তার পাশে পড়েছিল ওই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী। পরে স্থানীয়রা সন্ধ্যায় মুঠোফোনে জানালে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ভ্যানযোগে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ফেরদৌস জামান পমুখ সহযোগিতা করেন বলেও জানান ইউএনও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বলেন, চল্লিশোর্ধ্ব ওই নারী ঠিকমতো কথা বলতে পারছে না। বাড়ি বগুড়ায় এইটুকু জানিয়েছে। কিভাবে এখানে এল সে ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। ইউএনও তাকে হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, অজ্ঞাত ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ জিডিও (ডায়রি) করা হয়েছে।