রাজশাহীর তানোরে করোনায় আক্রান্ত ১৭ জনের মধ্যে ১২ জনই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে দুইজন থানা পুলিশ সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন।
তানোরে বিগত ২৮ এপ্রিল বাঁধাইড় ইউনিয়নে হাফানিয়া গ্রামের ভারত ফেরত এক রাজমিস্ত্রী যুবকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরে পর্যায়ক্রমে তানোর থানা পুলিশের এক পরিচ্ছন্নকর্মী ও এক পুলিশ কনস্টেবল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়সহ ঢাকা ও টেকনাফ ফেরত বিভিন্ন এলাকার সবমিলিয়ে ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।
নতুন করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় সর্বশেষ সোমবার (১৫ জুন) তানোর উপজেলায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের বাড়ি কলমা ইউনিয়নের পিঁপড়া কালনা গ্রামে। এদের মধ্যে পেশায় একজন স্থানীয় সবজী বিক্রেতা ও অপরজন ঢাকা ফেরত ওষুধ কোম্পানীর প্রতিনিধি।
এদের বাড়ি উপজেলার পিপঁড়া কালনা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও মতিউর রহমানের পুত্র মিথুন আলী (৩০)। তরিকুল ইসলাম নিজ গ্রামের আরেক করোনা রোগীর সংস্পর্শে ছিলেন এবং মিথুন সম্প্রতি নারায়ানগঞ্জ থেকে এসেছেন। ঢাকায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, তানোর সদরসহ প্রায় গ্রামের অবস্থা ভাল রয়েছে। কিন্তু ঢাকা ও নারায়ানগঞ্জ থেকে আসা ব্যক্তিদের নিয়ে সমস্যা। তারা গ্রামের বাড়িতে এসে এই ভাইরাস ছড়াচ্ছে।
তানোর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সোমবার সকালে আক্রান্ত দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। এরমধ্যে ১২ জনই সুস্থ হয়ে উঠেছেন।