ব্যাটসম্যান বিরাট কোহলির প্রাপ্তি অনেক। মাঠে নামলে নিত্যই তা ফুলে-ফেঁপে ওঠে। কিন্তু অধিনায়ক হিসেবে তার অর্জনের ভা-ার শূন্য দেখছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যানের মতে, ট্রফি জিততে না পারলে পূর্ণতা পায় না কোনো অধিনায়কের ক্যারিয়ার। অনেকের চোখে সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি। ছুটছেন সবসময়ের সেরাদের একজন হওয়ার দিকে। অনেক রেকর্ড এরইমধ্যে নিজের করে নিয়েছেন। তিন সংস্করণেই তার ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। তবে অধিনায়ক হিসেবে এখনও বড় কোনো ট্রফি জেতা হয়নি তার। ২০১৭ সাল থেকে তিন সংস্করণেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তার নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। ২০১৯ বিশ্বকাপে বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। রোববার স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে অধিনায়ক কোহলিকে নিয়ে নিজের ভাবনা জানান গম্ভীর। “এটা দলীয় খেলা। কেউ নিজের মতো করে রান করে যেতে পারে। ব্রায়ান লারার মতো কেউ কেউ আছে যারা অনেক রান করেছে। জ্যাক ক্যালিসের মতো কেউ আছে যারা কিছুই জেতেনি। সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এই মুহূর্তে বিরাট কোহলি কিছুই জেতেনি। তার অর্জনের অনেক কিছুই আছে।” “কেউ বড় বড় ইনিংস খেলতে পারে। তবে আমার মতে, বড় ট্রফি না জেতা পর্যন্ত কখনই পুরো ক্যারিয়ার পূর্ণতা পায় না।”