দিনাজপুরের পার্বতীপুরে আম গাছ থেকে পড়ে গিয়ে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক (গণিত) কাজী শাহ জামাল (৪০) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার দুপুরে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার নিজ বাসার আম গাছে উঠে আম পাড়ানোর সময় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রবিবার সকাল ৮টায় মৃত্যুবরন করেন। শিক্ষক কাজী শাহ জামাল উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গীমারী কাজীপাড়া গ্রামের কাজী আঃ খালেকের পুত্র।
পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ আব্দুর রশিদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। পরে বিকেল ৪টায় পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।