গত ২৫ মে আমেরিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার জের ধরে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ তুলেছে পুরো বিশ্ব। বিভিন্ন ক্রীড়াবিদরাও এই প্রতিবাদের শামিল হয়েছেন। এবার সেই প্রতিবাদের সূর মেলালেন বাংলাদেশি তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানালেন, বর্ণবাদকে তিনিও ঘৃণা করেন। রোববার নিজের অফিশিয়াল টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন মুশফিক। ছবিতে দেখা যায়, একটা সাদা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন উইকেটকিপার এই ব্যাটসম্যান। তাঁর হাতের প্ল্যাকাডে লেখা, “আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে ‘না’ বলুন।” একই কথা ক্যাপশনেও লিখেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। মুহূর্তের মধ্যে সারা বিশ্বের ভক্তরা মুশফিকের সঙ্গে এই প্রতিবাদে শামিল হন। বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে অনেকেই নিজের মন্তব্য করেন। অনেকে আবার এই প্রতিবাদের অংশগ্রহণ করায় মুশফিকের প্রশংসা করেন। এর আগে গত কয়েকদিনে বর্ণবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়াজ তোলেন ড্যারেন সামি, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোসহ ফুটবল-টেনিস জগতের তারকারা। উইন্ডিজের সাবেক অধিনায়ক সামির প্রতিবাদ নিয়ে তো ক্রিকেট বিশ্বে হইচই শুরু হয়ে যায়। সামি ভারতে আইপিএল খেলতে গিয়ে তিনিও বর্ণবাদের শিকার হয়েছেন। বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরো জানালেন, আইপিএলে তাঁকে ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে 'কালু' নামে ডাকা হতো। আইসিসি ও বিভিন্ন দেশের বোর্ডকে বার্তা দিয়ে সামি লিখেছিলেন, ‘আইসিসি এবং বাকি ক্রিকেট বোর্ডদের বলছি, তোমরা কি দেখছ না আমাদের মতো মানুষকে কী রকম পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে? আমাদের বিরুদ্ধে যে অনৈতিক কাজগুলো সমাজে ঘটে চলেছে, তার বিরুদ্ধে তোমরা মুখ খুলবে না?’ সামি টুইট বর্তায় আরো লিখেছেন, ‘এটা শুধু যুক্তরাষ্ট্র বলে নয়। এটা প্রত্যেক দিনই ঘটে চলেছে। এখন চুপ করে থাকার সময় নয়। আমি তোমাদের বক্তব্য শুনতে চাই। দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গরা অত্যাচারিত হয়ে আসছে।'