গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত কোন রোগীর মৃত্যু না হলেও নতুনভাবে আরো ৬১ জনের শরীরে সনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) পর্যন্ত রাজশাহী বিভাগে শনাক্তকৃত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৭১জন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ২৭১জন। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। এ ছাড়া ২৪ ঘন্টায় ৬ জনসহ মোট সুস্থ্য ৪৮১ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৮৯ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২৭ ও জয়পুরহাটে ১৬ ও নওগাঁয় ১৩ জন রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯১ জন। এরপর ২৩০ জন আক্রান্ত সংখ্যা নিয়ে ২য় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। আর ১৯৮ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে নওগাঁ। এ ছাড়া রাজশাহী জেলায় ১২৭ ও চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন, নাটোরে ৮১ জন, সিরাজগঞ্জ ১৭৫ ও পাবনায় ১৯০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।