শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নগরীর নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা আবদুস সালাম (৬০) শনিবার সকাল আটটার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ১০ জুন দিবাগত রাত দেড়টার দিকে করোনা ইউনিটে ভর্তি হন সালাম। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে। সূত্রে আরও জানা গেছে, এর আগে পরীক্ষায় করোনা পজেটিভ হয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর শুক্রবার মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে শুক্রবার দিবাগত রাতে করোনা ওয়ার্ডে ভর্তির সাথে সাথে মৃত্যু হয়েছে নুরুল ইসলাম (৫০), চিকিৎসাধীন অবস্থায় ইউনুস হাওলাদার (৬৫) ও ধলু সরকার (৬৫) নামের এক বৃদ্ধর। উপসর্গ নিয়ে মৃত তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।