জমি দখলে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামে। আহতরা হলেন, বানাইপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে জিল্লুর রহমান (৩২)। স্থানীয়রা আহতদের আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামের রফিকুল ইসলামের ভোগদখলী সম্পত্তি একই গ্রামের আবদুল করিমের ছেলে। মমতাজ ও কাজিম উদ্দীনের ছেলে আবু জাফর গত বৃহস্পতিবার (১১জুন) সকালে দখল করে। বিষয়টি জানার পর রফিকুল ইসলাম দখলকৃত জমিতে যায় এবং মমতাজ উদ্দীন ও আবু জাফরকে ওই জমিতে কাজ করতে দেখে। কি কারণে তার জমি জবরদখল করছে এমন বিষয় জানতে চাইলে মমতাজ উদ্দীন ও আবু জাফর তার লোকজন নিয়ে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। ওই সময় রফিকুল ইসলামের ছেলে জিল্লুর রহমান তার বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুইজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আহত রফিকুল ইসলামের অভিযোগ, পূর্ব পরিকল্পিত ভাবে মমতাজ উদ্দীন ও আবু জাফর আমার ভোগদখলী সম্পত্তি জবরদখল করেছে। জমি দখলের বিষয়টি জানতে চাইলে তারা সংঘবদ্ধ ভাবে আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। তিনি হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর পরই পুলিশকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।