‘বর্তমান ইন্টারনেটের যুগে অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। বিশেষ করে করোনা মহামারী সময়ে ঘরের বাইরে বেরুতে না পারায় অনলাইনে যৌন নির্যাতনের ঘটনা বেশি ঘটছে। অনলাইন বা ইন্টারনেটে শিশুরা এই সময়ে কী ধরনের নির্যাতনের শিকার হচ্ছে তা নিয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আর সচেতনতা বৃদ্ধির একমাত্র শক্তিশালী মাধ্যম হচ্ছে গণমাধ্যম।’ রাজশাহীতে ‘ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভায় এ তথ্য প্রকাশ করেছেন এসিডির প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকে আরো শক্তিশালী ভুমিকা রাখারও আহবান জানানো হয়।
সংস্থাটির ‘অনলাইন ও ভ্রমণে শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রতিদিনের সংবাদ’র বিশেষ প্রতিবেদক এস.এইচ.এম. তরিকুলসহ বিভিন্ন গণমাধ্যমের ১৪ জন সিনিয়র সাংবাদিক ও ইয়ুথ গ্রুপসহ বিভিন্ন শ্রেণি-পেশার নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন- এসিডির প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা কামাল। সংস্থার মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় এসময় ‘ইন্টারনেটে যৌন হয়রানি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক’ এক আলোচনা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার মো. আনোয়ার হোসেন।
আলোচনা সভায় ইন্টারনেটের মাধ্যমে শিশু-কিশোরীরা কীভাবে যৌন নির্যাতন কিংবা শোষণের শিকার হচ্ছেন সে বিষয়ে ইয়ূথ গ্রুপের সদস্যরা নিজেদের বা আশেপাশে ঘটে যাওয়া ঘটনার বাস্তব চিত্র উপস্থাপন করেন। এ সময় শিশু যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে পিতা-মাতাসহ অভিভাবকদের আরো বেশী সজাগ ও সচেতন হওয়ার আহবান জানানো হয়।