মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "এক ইঞ্চি জমিও অনাবাদী রাখবেন না"। তাঁর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে জনতা ব্যাংক রাজশাহী এরিয়া তার ২৮ টি শাখার মাধ্যমে গত পয়লা জুন থেকে ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দের মধ্যে ফল ও সব্জির বীজ বিতরণ শুরু করেছে।
বাড়ির আনাচে-কানাচে সব্জি চাষ করে পুষ্টির অভাব পুরণের উদ্দেশ্যে ঢেঁড়স, ডাঁটা, লাউ, মিষ্টি কুমড়া, চালকুমড়া, পেঁপে, শশা, ঝিঙা, বেগুণসহ দশ রকমের সব্জি বীজ গ্রাহকের হাতে তুলে দেয়া হচ্ছে।
করোনার কারণে প্রায় কোন গ্রাহকই এখন শাখায় এসে চা-সিঙাড়া-মিষ্টি খেতে চান না। কিন্তু আতিথেয়তা তো আমাদের চিরন্তন রীতি। তাই চিন্তাকে একটু পরিবর্তন করে নিয়ে এক প্যাকেট উন্নত মানের বীজ হাতে তুলে দিয়ে আপ্যায়ন। ডিজিএম তাপস মজুমদার জানান, গোটা বর্ষাকাল জুড়ে এই আয়োজন চলবে।
এই কার্যক্রমের অংশ হিসেবে রোবাবর রাজাবাড়িহাট শাখায় রাজশাহী এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব তাপস কুমার মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাহকবৃন্দের মাঝে বীজ বিতরণ করেন। এ সময় জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মাইনুল হাবীব, গোদাগাড়ি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব হাবিবুর রহমান এবং শাখা ব্যবস্থাপক ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।