ঘুড়ি উড়ানো এ অঞ্চলের কিশোর ও যুবকের জনপ্রিয় খেলা। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকেল হলেই রাজশাহীর তানোর উপজেলার আকাশে উড়ছে বাহারী রঙের ঘুড়ি। এসব ঘুড়ি বিভিন্ন ভবনের ছাঁদ এবং গ্রাম-গঞ্জের মাঠে-ময়দানে শিশু-কিশোরদের সঙ্গে বড়রাও উড়ানোয় মেতে উঠছেন। এমন উৎসবমুখর দৃশ্য দেখা যাচ্ছে উপজেলার সর্বত্রই।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে বিকেল হলেই উপজেলার বিভিন্ন এলাকার খোলা মাঠ, বাসার ছাদে ঘরবন্ধি ছোট শিশু ও কিশোর ছেলে-মেয়েরা ঘুড়ি উড়ানোয় উৎসবে মেতে উঠেছে। প্রতিযোগিতা করছে ঘুড়ির সুতোয় কাটাকাটি। এ যেন করোনাকালে বিপদ দূর করার এক বিনোদন।
তানোর পৌর শহরের স্থানীয় অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাফিস জানায়, ‘দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। আগে নিয়মিত স্কুলে যেতাম। বিকেলে মাঠে খেলাধুলা করতাম। এখন তো আর সেটা সম্ভব নয়। সবসময় রুমে থাকতে থাকতে আর ভালো লাগে না। এদিকে মা-বাবা বাড়ি থেকে বের হতে দেন না। তাই এখন একঘেয়েমি ভাবে ঘরে বসে না থেকে বিকেল হলেই বন্ধুদের সাথে ঘুড়ি উড়াই।
ঘুড়ি উড়ানো নিয়ে আমশো গ্রামের দশম শ্রেণির ছাত্র সোহাগ আলী জানায়, লাল, নীল, হলুদ ও সবুজ রঙের কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করা হয়। এটি এক প্রকারের হাল্কা খেলনা, যা সুতা টেনে আকাশে উড়ানো হয়। সাধারণত পাতলা কাগজের সঙ্গে বাঁশের চিকন কঞ্চি লাগিয়ে তৈরি করা হয় বিভিন্ন নকশার এসব ঘুড়ি। নকশা অনুযায়ী এসব ঘুড়ির নাম হলো- ডাক ঘুড়ি, সাপ ঘুড়ি, মাছ ঘুড়ি, ব্যাঙঘুড়ি, মানুষ ঘুড়ি, গুড্ডি ঘুড়ি, ঈগল ঘুড়ি ও তারা ঘুড়ি।
এনিয়ে তানোর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম জানান, ঘুড়ি উড়ানো গ্রামাঞ্চলের একটি প্রাচীন উৎসব। তবে কালের প্রবাহে তা বিলুপ্তির পথে। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরের চার দেয়ালে বন্ধি হয়ে পড়েছে। তাই বাসার ছাঁদ ও বাড়ির পাশে খোলা মাঠে মুক্ত আকাশে ঘুড়ি উড়িয়ে কোমলমতি শিশু ও কিশোর শিক্ষার্থীরা ঘুড়ি উড়িয়ে বিনোদন উপভোগ করছে। শুধু ওরা নয়, ওদের সঙ্গে যুক্ত হয়েছে নানা বয়সের ঘরবন্ধি মানুষ।