কাপাসিয়া বাজারে জীবানুনাশক স্যাভলনের সাথে স্যাভলন সাবান কিনতে বাধ্য করার অপরাধে ৭ জুন রোববার পরিবেশক ও দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সম্প্রতি করোনাভাইরাস জনিত কারনে জীবানুনাশকের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাওয়ায় কাপাসিয়া উপজেলার এ.সি.আই (স্যাভলনের) পরিবেশক রুপম চন্দ্র দাস খুচরা বিক্রেতা ও ক্রেতাদের ৫ শত এম.এল স্যাভলনের সাথে ১২ টি এবং ১ লিটার স্যাভলনের সাথে ২৪ টি স্যাভলন সাবান কিনতে বাধ্য করছিলেন। ফলে বাজারে স্যাভলনের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। ৭ জুন রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিষয়টির সত্যতা পেয়ে রুপম চন্দ্র দাসকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে দুই ব্যবসায়ী চন্দন কুমার সাহা ও মন্টু দাসকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা জানান, তিনি এ.সি.আই কর্র্র্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছেন কোম্পানির এ ধরণের কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। ফলে এ অনিয়মের কারণে তিন ব্যবসায়ীকে আর্থিক দন্ড প্রদান করেন।