রাজশাহীর তানোরের অটো চালককে জুস খাইয়ে অটো নিয়ে পালিয়েছে ২ যাত্রী। ঘটনাটি ঘটেছে মুন্ডুমালা আমনুলা সড়কে। অটো চালকের নাম রাজিব হোসেন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার যাবরি গাজি পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। এঘটনায় মুন্ডুমালা পুলিশে খবর দেয়া হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও অটো উদ্ধার করা যায়নি।
মুন্ডুমালা পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুৃত্রে জানা গেছে, (৫ই জুন) শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে ২ জন ব্যাক্তি মুন্ডুমালা আসার কথা বলে তার অটো ভাড়া করেন। মুন্ডুমালা আসার পথে রাস্তায় তাকে জুস খাইয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে অটো নিয়ে পালিয়ে যায় ২ যাত্রী। পরে রাত সাড়ে ১০টার দিকে অটো চালক হেটে মুন্ডুমালা বাজারে এসে গার্ডদের বিষয়টি জানিয়ে আবারো অজ্ঞান হয়ে যায়। পরে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় তাকে একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং তার বাড়িতে খবর দেয়া হয়।
মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটো পাওয়া যায়নি। তিনি বলেন, নেশা জাতীয় কিছু বা ঘুমের ট্যাবলেট মিশ্রিত জুস চালককে খাওয়া হয়ে থাকতে পারে। তিনি বলেন, চালক ঠিকমত কোন কিছু বলতে পারছিলেন না। সুস্থ্য হয়ে অভিযোগ করলে অটো উদ্ধারের জোর চেষ্টা চালানো হবে।