জন্ম থেকে হাত দুটি নেই। শারীরিক প্রতিবন্ধী। কিন্তু শারীরিক সমস্যা তাকে দমাতে পারেনি। আর্থিক ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এবারের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাফল্য রেখেছে মো. হাবিবুর রহমান। পা দিয়ে লিখেই হাবিব ২০২০ সালের প্রকাশিত ফলাফলে সাফল্য দেখিয়েছেন।
তার সাফল্যে মুগ্ধ হয়ে আগামি দুই বছরের পড়ালেখার ব্যয়ভার বহন করার দায়িত্ব নিয়েছেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। পরিবর্তন ডট কম কে দায়িত্ব নেয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় হাবিবুর ৪.৬৭ পেয়ে ছিলো। জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাতে পায় ৪.৬১। হাবিবুর এবারের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেন জিপিএ ৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাঁর বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী গ্রামে। বাবার নাম মো. আবদুস সামাদ। মা হেলেনা খাতুন। তিন বোন ও একভাইয়ের মধ্যে হাবিবুর তৃতীয়। বাবা বগা চাষী। হাবিবুর পুঁইজোর ফাজিল মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।
হাবিবুর রহমান জানায়, আশানুরুপ ফলাফল পাইনি। আরো ভালো ফলাফল আশা করেছিলাম। আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করেছি। এতে আমার মা-বাবা, বোনেরা, চাচা ও শিক্ষকেরা সহায়তা করেছে। সবার সহযোগিতা না পেলে আমার পড়ালেখা করা সম্ভব হতো না। তিনি সবার নিকট দোয়া চান।
হাবিবুরের মা হেলেনা খাতুন বলেন, আমাদের অভাব অনটনের সংসার। জন্ম থেকেই ছেলের দুটো হাত নেই। কিন্তু তাঁর পড়ালেখার প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। একারনে আমরা তাকে স্কুলে ভর্তি করে দেই। হাত না থাকায় পড়ালেখা করতে কষ্ট হয়। পা দিয়েই বইয়ের পাতা উল্টায় ও পা দিয়েই লেখে। আমাদের দেখে কষ্ট হয়। কিন্তু আমরা তো আর সবসময় ওর সাথে থাকতে পারি না। একারনে সে নিজে নিজেই এগুলো করে।
পুঁইজোর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাইদ আহমেদ বলেন, শারীরিক ভাবে প্রতিবন্ধী হলেও হাবিবুর নিয়মিত মাদ্রাসায় আসতো। শ্রেনিকার্যক্রমে অনুপস্থিত থাকতো না। অনেক সময় সহপাঠীদের কাছ থেকে প্রত্যাশিত ব্যবহার পায়নি। কিন্তু আমাদের নজরে আসলে আমরা তাদের বুঝিয়ে বলেছি।
নুরে আলম সিদ্দিকী হক বলেন, হাবিবুর একজন অদম্য মেধাবী। সে প্রতিবন্ধকতা জয় করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তবে ওরা আর্থিকভাবে অস্বচ্ছল। একারনে আমি ওর আগামি দুইবছরের পড়ালেখার খরচ বহন করবো।