আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরে ট্রেন চলার কথা রয়েছে।
টিকিট বিক্রি করা হবে শনিবার বিকেল থেকে। ট্রেনের আগাম টিকিট কিনতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। শনিবার (৩০ মে) সকাল থেকেই যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে অপেক্ষায় রয়েছেন। বিকাল থেকে টিকিট বিক্রি হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন রুটে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। রোববার থেকেই ট্রেনগুলো চলার কথা। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস এবং খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, রোববার থেকে তিনটি ট্রেন চালুর সিদ্ধান্ত রয়েছে। তবে পশ্চিম রেলের আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন। সেটি হলো- পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস। স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।
তিনি বলেন, বনলতা ট্রেনে মোট সিট ৯২৮টি। তার ৫০ ভাগ ৪৬৪টি টিকেট স্টেশন ও অনলাইনে একসাথে বিক্রি হবে। বন্ধ থাকবে অগ্রীম টিকেট বিক্রি বলে জানান তিনি।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রায় দুই মাস আগে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদের আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়। যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অঙ্কন করা হয় বৃত্ত। এরপরই সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। এখন চলছে টিকিট বিক্রির প্রস্তুতি।