বগুড়ার নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন এবং পুলিশ এক ইউপি সদস্যকে আটক করেছেন।
সোমবার (২৫ মে) সকাল ৯ টার দিকে নন্দীগ্রামের ছোট ডেরাহার গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকাল ৯টায় ছোট ডেরাহার মাদ্রাসা মসজিদে গ্রামের কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। এর আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে রেজা ও আলম সহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের মুহতামিমকে গালিগালাজ করে। এসময় শামিমসহ উপস্থিত লোকজন প্রতিবাদ করলে হানিফ (৩০) নামের একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এরপর পরই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। খবর পেয় পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় ঘটনাস্থল থেকে সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা সোহাগ হোসেনকে পুলিশ আটক করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।