বগুড়ার শেরপুরে ৫জন করোনায় আক্রান্ত হওয়ার করোনা ভাইরাস সংক্রমন ও বিস্তার রোধে শেরপুর বাসীর বৃহত্তর স্বার্থে সকল ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
২০ মে এক গনবিজ্ঞপ্তিতে প্রকাশ করেন, সাম্প্রতিক সময়ে মার্কেট-দোকানগুলোতে চারপাশের আক্রান্ত এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। মার্কেটগুলিতে স্বাস্থ্যবিধি ও সরকারের বিধি-নিষেধ প্রতিপালন হচ্ছে না মর্মে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়। ইতোমধ্যে শেরপুরে ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মার্কেটে ঈদ শপিং করেছে মর্মে তাদের বক্তব্য থেকে জানা যায়। ফলে শেরপুরে করোনা ভাইরাস সংক্রমন ও বিস্তারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায়, উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস সংক্রমন ও বিস্তার রোধে শেরপুর বাসীর বৃহত্তর স্বার্থে বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার সকল ধরনের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান অদ্য ২০ মে বিকাল ৪টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। তবে কাঁচাবাজার, ফল-ফলাদির দোকান, সার, বীজ ও কীটনাশকসহ, মুদি দোকান, কৃষি পণ্যের দোকান সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঔষধের দোকান এবং জরুরী সেবাসমূহ ২৪ ঘন্টা খোলা রাখা যাবে।
করোনা ভাইরাস সংক্রমন ও বিস্তার প্রতিরোধ এবং শেরপুর বাসীর বৃহত্তর স্বার্থে সকলকে এই বিধি-নিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।