বগুড়ার শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট রাসেল আহম্মেদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চওড়া গ্রামের আবদুল মজিদের ছেলে রাসেল আহম্মেদ পৌর শহরের হাসপাতাল রোড এলাকার ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট পদে চাকরী করত। সে টাউন কলোনীর সাইফুল ইসলামের বাসা ভাড়া করে তিন বন্ধু মিলে থাকত। গত ১২ মে সে শরীরে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য বলা হয়। সেই পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ হয়। পরে ১৮ মে দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করা হয়। তাতেও ফলাফল পজিটিভ আসে। এই ঘটনায় তার মেস ও টাউন কলোনি মসজিদ লকডাউন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, রাসেল আহম্মেদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সে ৩০ এপ্রিল বেতন নিয়ে আর ক্লিনিকে যায়নি তাই ক্লিনিক লকডাউন করা হয়নি। তবে তার মেস ও যে মসজিদে নামাজ আদায় করত সেই মসজিদ লকডাউন করা হয়েছে। এছাড়াও ভিআইপি জেনারেল হাসপাতালের সকল ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।