ইংল্যান্ডের মিডফিল্ডার ডেলে আলির বাড়িতে ডাকাত পড়েছিল। বুধবার সকালের এই হামলায় ছুরির মুখে পড়তে হয়েছিল তাকে। করোনাভাইরাসের প্রকোপে লকডাউন চলার এই সময়ে নর্থ লন্ডনের একটি বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকছেন আলি। সেখানেই ঘটনাটি ঘটে। দুই জন লোক ২৪ বছর বয়সী এই ফুটবলারের বাড়িতে হামলা করে। একপর্যায়ে আলির মুখে আঘাত করে একজন। হুমকিও দিয়েছে টটেনহ্যাম হটস্পারের এই খেলোয়াড়কে। সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করেছেন আলি। পুলিশ জানিয়েছে, পালানোর আগে কয়েকটি ঘড়ি ও অলংকার সামগ্রী নিয়ে গেছে ডাকাতরা।