গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে রাকিব (১৭) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে। সে জামালপুর আরএম বিদ্যাপীঠ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া বলেন, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে মো. রাকিব হোসেন বাডীর পাশের বিলে খড় আনতে যায়। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে সে আহত অবস্থায় বিলে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান বলেন, বিকেল পাঁচটার দিকে মো. রাকিব হোসেনের স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।