গাজীপুর জেলা পুলিশ সুপার সামসুন্নাহারের পক্ষ থেকে কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ডের ৪০ জন ড্রাইভারকে দেয়া হলো খাদ্যসামগ্রী।
মঙ্গলবার বিকালে কালীগঞ্জ থানার পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম একটি পিকআপ ভর্তি খাদ্যসামগ্রী নিয়ে কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ডে উপস্থিত হন। পরে তিনি ষ্ট্যান্ডের সকল ড্রাইভারদের ডেকে একত্র করে বলেন, আমাদের গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার আপনাদের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন। আপনারা সবাই কষ্ট করে নিয়ে যাবেন। এরপরই কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন ভূইয়াকে সাথে নিয়ে সাদা বস্তার একটি করে প্যাকেট প্রত্যেকের হাতে খাদ্য উপহার তুলে দেন। যার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আদা, ১ কেজি লবন। আগামীতেও প্রধানমন্ত্রী ঘোষিত সাহায্যের পাশাপাশি গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে কালীগঞ্জ থানার পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম বলেন, নভেল করোনা ভাইরাসে সৃষ্ট লকডাউনের কারণে সমাজে খেটে খাওয়া দরিদ্র মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে এসপি নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়িয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিক ভাবে জেলা পুলিশের এ কার্যক্রম চলতে থাকবে। অন্যদিকে একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া, জামালপুর, বাহাদুরসাদী, মোক্তারপুর, জাঙ্গালিয়া, বক্তারপুর ইউনিয়নের জনগণের মাঝে ৩৫০ প্যাকেট ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় গাজীপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বকর চৌধুরী, জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, মোক্তারপুর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তোরন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রসিদ টিপু, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আবদুল মতিন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া, তুমলিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমান, মোক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।