শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক সেবিকার (৩১) পর এবার তার পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে ওই সেবিকার পাঁচ বছর বয়সের মেয়ে, আড়াই বছর বয়সের ছেলে, ৬৫ বছর বয়সের শ্বশুড় ও ৫০ বছর বয়সের শ্বাশুরী। সেবিকার স্বামী ঢাকায় আবস্থান করছেন।
সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে ওইদিন রাতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে একই পরিবারের ওই চারজনসহ আরও একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শেবাচিমের করোনা ইউনিটে দায়িত্ব পালন করা ওই সিনিয়র নার্সের পরিবারের নতুন করে আক্রান্ত চারজন বর্তমানে নগরীর ২৩নং ওয়ার্ডের দরগাবাড়ি পুল এলাকার একটি ভাড়া বাসায় রয়েছেন। তাদের করোনা ওয়ার্ডে আনার প্রক্রিয়া চলছে। এর আগে ওই সেবিকা গত ৪ মে করোনায় আক্রান্ত হলে ওইদিন রাত ১১ টার দিকে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।