করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ক্রিকেটারদের দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা উচিত বলে মনে করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের মতে, এই মুহূর্তে খেলাধুলাই পারে লোকজনকে মানসিকভাবে উজ্জীবিত করতে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে প্রায় দুই মাস ধরে বিশ্বজুড়ে সব ধরনের খেলা বন্ধ হয়ে আছে। দর্শকের উপস্থিতি ছাড়া খেলা ফেরানোর কথা বলছেন অনেকে। পরিস্থিতি নিরাপদ মনে হলেই কেবল পেশাদার ক্রিকেট মাঠে ফেরানো উচিত, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ৩৯ বছর বয়সী পিটারসেন। “সমর্থক, লোকজনের মনোবল বাড়ানো দরকার। এই মুহূর্তে তাদের মনোভাব নেতিবাচক। খেলাধুলা অনেক মানুষকে উজ্জীবিত ও ইতিবাচক করে তুলবে। করোনাভাইরাস থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে। ক্রীড়াবিদদের এটির সঙ্গে মানিয়ে নিতে হবে।” “কিছু খেলোয়াড় তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছে। কেন তারা খেলতে চাইবে না? মাঠে দর্শক না থাকলে কী হবে? দর্শক হয়তো মাঠে উপস্থিত থাকবে না, কিন্তু সম্প্রচার মাধ্যমে থাকবে অনেক।” সংকটময় এই সময়ের একটি ইতিবাচক দিকও দেখছেন ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলা পিটারসেন। “করোনাভাইরাসের এই সময়ে একটি ভালো দিক হলো, এটি সবাইকে প্রভাবিত করছে। কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ, কুইন্টন ডি ককের মত বিরাট কোহলিও একই অবস্থানে আছে...আমরা সবাই একসঙ্গে আছি।” “আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, বুঝতে হবে কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একসঙ্গে কাজ করতে হবে এবং একসঙ্গেই ভালো সিদ্ধান্ত নিতে হবে।”