গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কবীরপুর, বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় শতভাগ বেতনের দাবীতে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগড় সড়কের বাড়ইপাড়া এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে এটিএম বুথ ও বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। এ সময় কালিয়াকৈর- নবীনগর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে ।
পুলিশ প্রত্যাক্ষদর্শী ও শ্রমিকরা জানান, আশুলিয়ার কবীরপুর ও উপজেলার হিজলহাটি এলাকার নাপা এ্যাপারেল পলমল গ্রুপের শ্রমিকরা গত মাসের শতভাগ বেতনের দাবী করে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত ৬০ভাগ বেতন দেওয়ার কথা বললে শ্রমকরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে শ্রমিকরা শতভাগ বেতনের দাবীতে কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
কারখানার শ্রমিকরা জানায়, সরকারের ঘোষিত বেতন ভাতার বিষয়টি আমরা মানি না। আমাদের গত মাসের বেতন শতভাগ দিতে হবে। শতভাগ বেতন না দিলে কারখানায় আমরা কেউ কাজ করবো না।
বাড়ইপাড়া এলাকার পলমল কারখানার উৎপাদন কর্মকর্তা মোঃ মামুন জানান, আমাদের কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছিলো। কিন্তু কবীরপুর জিরানির এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে আমাদের কারখানাসহ সব কারখানা বন্ধের জন্য ইঁপাটকেল নিক্ষেপ করে। পরে আমরা আমাদের কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে শ্রমিকদের ছেড়ে দেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমীগর হোসেন মজুমদার বলেন, শনিবার সকাল থেকেই পাশ্ববর্তী আশুলিয়া থানার পলমল ও ডরিন গ্রুপের শ্রমিকরা কালিয়াকৈর পলমল কারখানা শ্রমিকদের নিয়ে কারখানা বন্ধ করতে এসেছিল। ওই শ্রমিকরা সড়কে ভাংচুর চালালে তাদের ধাওয়া দিয়ে সড়িয়ে দেওয়া হয়। এ দিকে পলমল কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষনা করলে শ্রমিকরা চলে যায়।