করোনার এ দুর্যোগকালীন সময়ে ২০৫৯ ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্য (চাল) সহায়তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ। শনিবার (৯ মে) বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার চান্দুড়িয়া ডা. আবু বকর হাইস্কুল এন্ড কলেজ মাঠে এবং বেলা ১২টায় সরনজাই সরকারপাড়া স্কুল মাঠে উপজেলার ২০টি গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে এ খাদ্য (চাল) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। এ সময় তানোর উপজেলার ৮৫৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার ও নাচোল উপজেলার ১২০২টি ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের মাঝে দশ কেজি করে চাল সহায়তা দেয়া হয়।
এতে আরও উপস্থিত ছিলেন এসেডো নির্বাহী পরিচালক রবিউল আলম, চাঁন্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ফেরদৌস জাহান, ডা. আবু বকর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুখলেসুর রহমান, সরকারি মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা কামিল মার্ডি, এসেডো কর্মকর্তা মাহাবুব জামান তপন ও আজাহার আলী প্রমুখ।
উপজেলা প্রশাসন ও বেসরকারী এসেডো সংস্থার যৌথ আয়োজনে এবং ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর অর্থায়নে মুক্তি প্রকল্পের আওতায় সাঁওতাল, উরাও, মুন্ডা, উরাও, মাহালি, শিং, পাহাড়িয়া, রাজবংশী, কোডা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।