করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় এ বছর বোরো ও ইরি ফলন সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবুগঞ্জে অধিকাংশ কৃষকরা। তার উপর রয়েছে বৈরী আবহাওয়ার শঙ্কা। তবে সংকটময় সময়ে বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়নের কৃষকের ধান কেটে দিল বরিশাল জেলা কৃষকদল। শনিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়নের প্রান্তিক কৃষক আঃ রাজ্জক আকনের জমির ধান কেটে ঘরে তুলে দিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মোহসিন আলম। অসহায় কৃষক রাজ্জাক আকন জানান, করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এমন সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মোঃ মোহসিন আলম। জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মোহসিন আলম বলেন, করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে সারাদেশের ন্যায় শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েছেন বাবুগঞ্জের সাধারণ কৃষকরা। ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিক ও টাকার অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এজন্য অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ধান কেটে দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছি মাত্র। এ সময় ধান কর্তনে তার সাথে সহযোগিতা করেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শফিউল আলম শফরুল, যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আল- আমিন, সম্মানিত সদস্য মোঃ মোশাররফ হোসেন। বাবুগঞ্জ উপজেলা বি এন পির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।