করোনা ভাইরাসের কারণে রাজশাহীর বাঘায় ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা নিয়ে এবার অনিশ্চিয়তা দেখা দিয়েছে। উপজেলা প্রশাননের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে এবার ঈদ মেলা হচ্ছেনা।
জানা যায়, ৫০০ বছর পূর্বে বাগদাদ থেকে হজরত শাহদৌলা (রাঃ) পাঁচজন সঙ্গীসহ বাঘায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। বসবাস শুরু করেন রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিন কোণে পদ্মা নদীর তীরের কসবে বাঘায়। বাদশাহ নাসির উদ্দিন সে সময় তাঁর জন্য এখানে বিশাল একটি শাহী মসজিদ তৈরি করেন। মসজিদের পাশে ৫২ বিঘা জমির উপরে বিশাল দিঘি। কথিত আছে মনোবাসনা পূর্ণের জন্য মানুষ ঈদের সময় এ দিঘিতে গোসল করতে আসেন। এ ছাড়া অনুষ্ঠিত হয় বিশাল আকারের ঈদের জামায়াত। সেই সাথে সু-বিশাল এলাকা জুড়ে ঈদ মেলা। এই মেলা এবার হচ্ছেনা।
বাঘা ওয়াকফ্ এষ্টেটের মোতোয়াল্লি খন্দকার মনছুরুল ইসলাম রইশ জানান, আবদুল আব্বাসী (রঃ) বংশের হযরত শাহ্ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার ছেলে হযরত আবদুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাৎ দিবসে ধর্মীয় ওরস মোবারক উৎসবকে কেন্দ্র করে সাধকদের সাধনার পীঠস্থান হিসেবে ওয়াকফ এষ্টেটের এলাকা জুড়ে ৫০০ বছর যাবত ঈদুল ফিতরের দিন থেকে অনুষ্ঠিত হয় ঈদ মেলা। করোনা ভাইরাসের কারণে এই মেলা করা হচ্ছেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, করোনা ভাইরাসের কারণে এই মেলা বন্ধ রাখার সিধান্ত হয়েছে। তাই এ বছর মেলা করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত বছর এই মেলা ১৫ দিনের জন্য ১০ শর্তে ২১ লক্ষ ৫২ হাজার টাকায় আনুষ্ঠানিকভাবে ইজারা প্রদান করা হয়েছিল।