মারা গেছেন ১১ মাস আগে। কিন্তু তাঁর নামে বরাদ্দ কার্ডে দুই দফা চাল কেনা হয়েছে। আবার একই ব্যক্তির নামে একাধিক বা তারও বেশি কার্ড দেওয়া হয়েছে। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় কারোনা প্রাদুর্ভাবের সময় দুস্থদের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) নিয়ে এমন অভিযোগ উঠেছে।
পৌরসভা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্ডুমালা পৌরসভার সাদিপুর গ্রামের মৃত মানুরুদ্দীনের ছেলে আমজাদ হোসেন প্রায় ১১ মাস আগে মারা গেছেন। কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় তাঁর নাম (কার্ড নম্বর-৪৯৮) রয়েছে। গত এপ্রিল ও মে মাসে স্থানীয় ডিলার দেবানন্দের কাছে ওই কার্ডে ১০ টাকা কেজি দরে চাল কিনেছেন কে বা কারা।
পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর আমির হোসেন আমিন বলেন, ‘আমজাদ মারা গেছেন প্রায় ১১ মাস আগে। তাঁর নামে কীভাবে কার্ড হয়েছে, সেই কার্ড দিয়ে কারা চাল তুলছে তা আমরা জানি না। মূলত বর্তমানে মহামারী করোনা প্রাদুর্ভাবের মাঝে অসহায় পৌর নাগরিকদের মধ্যে সরকারের ত্রাণ বরাদ্দ পৌরসভার মেয়র গোলাম রাব্বানী তাঁর পছন্দের লোকদের দিয়ে পরিবার ভিত্তিক মানবিক সহায়তা কার্ডসহ সকল ধরনের ত্রাণের তালিকা করাচ্ছেন। এক্ষেত্রে মেয়র তাঁর খেয়াল খুশি মত কাজ করছেন, স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও মেয়র তাঁদের মূল্যায়ন না করার কারণে তালিকায় মৃত ব্যক্তি ও একই নামে একাধিক কার্ড হয়েছে বলে জেনেছি।
এ ছাড়া তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার এসেছে, এমন অন্তত তিনটি ঘটনা পাওয়া গেছে। পৌরসভার হাসনাপাড়া এলাকার কসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের নামে তিনটি কার্ড (নম্বর-১৫০, ৪১৮ ও ৪৮২) করা হয়েছে। একই এলাকার শাহলালের ছেলে জহিরুল ইসলাম নামে দুটি করে কার্ড করা হয়েছে। জহিরুল ইসলামের নামে করা কার্ডের নম্বর ৪৬৯ ও ৪১৬ এবং মুন্ডুমালা এলাকার আফসারের ছেলে আমিনুল ইসলামের নামে দু’টি কার্ড (নম্বর ১৬৮ ও ২১৮)। এই সাতটি কার্ডে এপ্রিল ও মে মাসে ২১০ কেজি চাল কিনেছেন কে বা কারা। তবে তাঁদের নামে একাধিক কার্ড করার বিষয়টি তাঁরা জানেন না বলে দাবী করেন।
তবে মুন্ডুমালা পৌরসভার ওএমএস চালের ডিলার জুবায়ের হোসেন ও দেবানন্দ বর্মন এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের কাছে যারা পৌর মেয়র ও সংশ্লিষ্টদের স্বাক্ষরসহ কার্ড নিয়ে আসে তাদের চাল দিই। সবাইকে চেনা আমাদের পক্ষে সম্ভব নয়।’
এদিকে এসব অনিয়মের ঘটনা তুলে ধরে গত ৬ মে বুধবার পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র ও কাউন্সিলর আমির হোসেন আমিন, দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ হোসেন মিন্টু, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ কবির, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ হাসান ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ইসমোতারা বেগম বাদি হয়ে স্থানীয় সাংসদ, বিভাগীয় কমিশনার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
কাউন্সিলররা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের জনপ্রতিনিধিরা করোনাভাইরাসের কারণে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তখন মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী কোন প্রকার মিটিং বা পরামর্শ ছাড়াই নিজেই বিভিন্ন এলাকা হইতে আইডি সংগ্রহ করে মানবিক সহায়তা কার্ডসহ বিভিন্ন ধরনের ভুলে ভরা কার্ড প্রস্তুত করছেন। আমরা যেহেতু নির্বাচিত কাউন্সিলর সেহেতু এলাকার জনগণের নিকট আমাদের হেও প্রতিপন্ন হতে হচ্ছে। সেহেতু আপনার শরনাপন্ন হইলাম।
কাউন্সিলররা এই প্রতিবেদককে জানান, জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে বরাদ্দ পাওয়া সকল ত্রাণ পৌর এলাকার নয় ওয়ার্ডে সমবণ্টনের জন্য মেয়র ও সচিবকে অনুরোধ করা হয়। কিন্তু অধিকাংশ কাউন্সিলরদের না জানিয়ে মেয়র ওই সব বরাদ্দ অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ে নিচ্ছেন। এরআগে পৌরসভায় উন্নয়ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অনিয়ম-দুর্নীতি করায় দুদকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেন তারা। কাউন্সিলররা তাদের অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত সাপেক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রাব্বানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধও জানিয়েছেন।
বিষয়টি নিয়ে কথা বলতে ৭ মে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম রাব্বানীর ব্যক্তিগত মুঠোফোন (০১৭১১-৭৮১৮৪৯) নম্বরে চার বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো এই প্রতিবেদককে বলেন, অভিযোগ নয়, বিষয়টি আমি কোনভাবে জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ইউএনও।