বিরলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার ধারে ফেলে রাখার পর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহতর ভাই বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে।
থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, উপজেলার পলাশবাড়ী ইউপি’র পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজ উদ্দিন এর পুত্র কোবাদ আলী (৪৫) কে বৃহষ্পতিবার এশার নামাজের পূর্বে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী (দধিয়াপাড়া) জলিলের বাড়ীর সম্মূখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। এমন সংবাদ পেয়ে উনি কর্মকর্তা ফোর্সসহ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসেন। রাতেই জড়িত সন্দেহে একই গ্রামের রহিম উদ্দীনের পুত্র আবদুল জলিল (৪০) কে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে নিহতর ভাই সাদেক আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। দুপুরে এ রিপোর্ট লেখাকালীন গ্রেফতারকৃত জলিলকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছিল।