অন্যান্য দেশের ফুটবলে কী হচ্ছে, না হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা না করে দেশের ফুটবলের প্রতি চোখ রাখতে অনুরোধ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। ইংল্যান্ড হতে পাঠানো একটি ভিডিও বার্তায় জেমি ডে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি স্থগিত থাকা প্রিমিয়ার ফুটবল লিগ পুনরায় শুরুর পক্ষে। দেশের ফুটবলের স্বার্থে, ফুটবলারদের স্বার্থেই প্রিমিয়ার লিগের খেলাটা শুরুর পক্ষেই মত দিয়েছেন তিনি। কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে খেলাধুলার দুনিয়া বন্ধ থাকলেও অনেক দেশই ফুটবল মাঠে গড়ানোর পক্ষে কাজ করছেন। জেমি ডে বিশ্বাস রাখছেন দুষ্ট আক্রান্তে থাকা এই দুনিয়া আবার পরিষ্কার হয়ে উঠবে। যে অন্ধকারে হাতড়াচ্ছে দুনিয়া আবার আলোর পথে ফিরবে। আবার ফুটবল মাঠে গড়বে এবং সেটা খুব শিগগিরই হবে। সেটা খুব দূরেও নয়। এই বিশ্বাস নিয়েই জেমি ডে তার খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রস্তুত থাকতেও বলছেন। করোনা ভাইরাসে আক্রান্ত বর্তমান সময় কাটিয়ে উঠলে আবার ফুটবল শুরু হবে। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের খেলা রয়েছে। জেমি ঢাকায় সংবাদ মাধ্যমের সঙ্গে জানিয়েছেন ফুটবল খেলাটা শুরু হয়ে গেলে বাংলাদেশের ফুটবলারদের নিয়ে অনুশীলনে ঝাঁপাবেন জেমি ডে। খেলোয়াড়দের জানিয়েছেন কিভাবে প্রস্তুতি নিতে হবে। ঘরের মধ্যে ফুটবলারদের প্রস্তুতি নেওয়া সম্ভব না। মেসি, রোনালদো, নেইমাররা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের জামাল ভূঁইয়া, আশরাফুল রানা, মতিন মিয়া, সোহেল রানাদের পক্ষে সেটা সম্ভব না। তারপরও জেমি নিয়ম করে দিয়েছেন সকাল-বিকাল কী করতে হবে। খেলোয়াড়রাও নিজ আগ্রহে ফিটনেস ঠিক রাখার জন্য কাজ করছেন। জেমি ডে জানিয়ে দিয়েছেন এশিয়ান কাপ ফুটবলের জন্য কাজ করতে হবে। জেমির কথায় স্পষ্ট, কাতার বিশ্বকাপ ফুটবলে অভিযানটা তার কাছে আর নেই। সামনে যে কয়টি খেলা আছে তার মধ্যে এশিয়ান কাপ নিয়ে এগিয়ে যাওয়ার টার্গেটই ভালো। তাই হয়তো জেমি তার ভিডিও বার্তায় জানিয়েছেন ঢাকায় ফিরে এশিয়ান কাপের প্রস্তুতি নেবেন তিনি। তার আগে অবশ্য বাংলাদেশে জেমির চাকরিটা নিশ্চিত হতে হবে। দুই পক্ষের মধ্যে কথা হয়েছে এবং হচ্ছে। ১৫ মে বাফুফের সঙ্গে জেমির এক বছরের চুক্তি শেষ হচ্ছে। আগামী ১৫ আগস্ট হতে নতুন চুক্তি হওয়ার কথা চালাচালি হচ্ছে। সেটা হয়ে গেলে জেমি আরো একবার বাংলাদেশের ফুটবলের সঙ্গে গাটছড়া বাঁধবেন সেটা আপাত অনেকটাই নিশ্চিত।